শিবালয় উপজেলা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী আজ মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়ালে দুই গ্রুপের ৩ জন গুরুতর আহত হয়। রাত সাড়ে ৮টার দিকে আরিচা ডাকবাংলো মার্কেটের নিকট এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঈদুল আযহার পূর্বরাতে আরিচা লঞ্চঘাট এলাকায় অবস্থানরত অগণিত যাত্রী, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে দারুণ আতংঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে।
একাধিক সূত্রে জানা যায়, আরিচা লঞ্চ কাউন্টারের সামনে রাখা মোটরসাইকেলের ওপর বসা নিয়ে বিলাস, রাজিব ও আনিসের কথা কাটা-কাটির এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জনি ধারালো দায়ের আঘাতে গুরুতর জখম হয়। প্রতিপক্ষের কয়েকজন মার্কেটের সামনে হামলা চালিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছোট সেলিম ও কর্মী রাজিবকে পিটিয়ে মারাত্মক আহত করে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/নূহু