নির্বাচনী প্রচারণায় অর্থায়নের আইন ভাঙার অপরাধ স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইক্যাল কোহেন। তিনি দাবি করেছেন, ২০১৬ মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার করতে কেন্দ্রীয় দফতরের একজন প্রার্থীর নির্দেশেই আইন ভেঙেছেন তিনি। এখানে কোহেন ওই প্রার্থী বলতে ট্রাম্পকে বুঝিয়েছেন বলে বলা হয়েছে স্থানীয় গণমাধ্যমে।
৫১ বছর বয়সী কোহেন মঙ্গলবার ম্যানহাটনের ফেডারেল আদালতে ৫টি কর জালিয়াতি, একটি ব্যাংক জালিয়াতি ও নির্বাচনী প্রচারণায় আইন ভাঙা বিষয়ক দু’টি অপরাধে দায় স্বীকার করেন। এই অপরাধগুলোর কারণে তার চার থেকে পাঁচ বছরের জেল হতে পারে। আগামী ১২ ডিসেম্বর আদালত এ বিষয়ে রায় দেবে।
এদিকে, ট্রাম্পের সাবেক সহযোগী ও তার প্রচারণা শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টকেও আর্থিক অনিয়ম বিষয়ক আটটি অপরাধে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তার অপরাধগুলোর মধ্যে, ব্যাংক ও কর জালিয়াতি রয়েছে।
বিচারকদের প্রশ্নের জবাবে কোহেন জানান, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল এমন দুই নারীকে মুখ বন্ধ রাখার বিষয়ে অর্থ পরিশোধ করেছেন তিনি। কেন্দ্রীয় দফতরের একজন নির্দেশনায়ই এমনটা করেছেন বলে জানান কোহেন। নারীদ্বয়ের নাম প্রকাশ করেননি কোহেন। পাশাপাশি প্রার্থীর নামও প্রকাশ করেননি তিনি।
তবে কোহেন জানিয়েছেন, উভয় নারীকে ফেডারেল কার্যালয়ের এক প্রার্থীর নির্দেশনাতেই অর্থ পরিশোধ করেছেন তিনি -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর