ভেনেজুয়েলার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে মঙ্গলবার একটি ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ কথা জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৫টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পে রাজধানী কারাকাসে অন্তত এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাও। তবে ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর লুইস রেভারল ভূমিকম্পের পর এক টুইটে জনগণকে শান্ত থাকার আহবান জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পের পর ছোট ছোট তিনটি কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১২৩ কিলোমিটার গভীরে হওয়াতে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ভূমিকম্পটি দীর্ঘ সময় স্থায়ী হওয়ায় লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। -রয়টার্স ও সিএনএন
ইত্তেফাক/ জেআর