রাশিয়া ও ইরান সংশ্লিষ্ট ৯৮৪ একাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক ও টুইটার

বিশ্বের শীর্ষ দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার জানিয়েছে, তারা ‘অসত্য আচরণের’ অভিযোগে রাশিয়া ও ইরান সংশ্লিষ্ট প্রায় এক হাজার একাউন্ট বাতিল করে দিয়েছে বা সরিয়ে দিয়েছে। ফেসবুক জানিয়েছে তারা, ৬৫০টিরও বেশি পেজ ও গ্রুপ বন্ধ করে দিয়েছে। 
 
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছে, এই পেজ ও গ্রুপগুলো ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 
এদিকে টুইটার জানিয়েছে, তারা ইরান সংশ্লিষ্ট ২৮৪টি একাউন্ট বন্ধ করে দিয়েছে। এর একদিন আগেই সফটওয়ার জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, তারা মার্কিন রাজনৈতিক সংগঠনগুলোর ওপর রুশ হ্যাকারদের একটি সাইবার-হামলা চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। 
 
মঙ্গলবার ফেসবুক জানায়, তারা রাশিয়া ও ইরান সংশ্লিষ্ট বেশকিছু একাউন্টের খোঁজ পেয়েছে যেগুলো ‘অসত্য আচরণ’ করেছে। কয়েক মাসব্যাপী তদন্ত শেষে একথা জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। 
 
সংস্থাটি জানায়, এধরণের আচরণ আমাদের কাছে নিষিদ্ধ। কেননা, আমরা চাই লোকজন তাদের তৈরি করা সম্পর্কগুলোতে বিশ্বাস করুক। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফায়ারআই নামের একটি সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে তাদের তদন্ত চালায়। ফায়ারআই জানিয়েছে, পেজগুলো ইরানের হয়ে অপপ্রচার চালাচ্ছিল।
 
পরবর্তীতে ফেসবুক  ইরানের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম সংশ্লিষ্ট একাউন্টগুলোর খোঁজ পায়। এর মধ্যে ৭৬টি ইনস্টাগ্রাম পেজও রয়েছে। ফেসবুক জানিয়েছে, কিছু রুশ পেজেও বিভ্রান্তিকর আচরণের প্রমাণ পাওয়া গেছে। তবে ইরান ও রাশিয়ার অপপ্রচারের মধ্যে যোগসাজশ খুঁজে পাওয়া যায়নি। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর