কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের জুরাফিকা আমের তল গ্রামে।
 
প্রত্যক্ষদর্শী ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম বারি পাইলট জানান, মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল ইসলাম ও কাশেম মিয়া বড়ভিটা বাজার থেকে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ বাজারে আসছিলেন।  
 
এসময় কিশোরগঞ্জ বড়ভিটা সড়কের জুরাফিকা আমের তল এলাকায় সড়কে বেঁধে রাখা একটি গরুর সঙ্গে ধাক্কা খেয়ে খায়রুল ও কাশেম গুরুতর আহত হন। আহত অবস্থায় এলাকাবাসী তাদের দুজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে খায়রুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মারা যান তিনি। 
 
কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/জেডএইচ