কেরালায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটা শুরু হয়েছে। কিন্তু দুর্যোগ এখনো শেষ হয়নি। এই দুর্যোগ মোকাবিলায় প্রচুর অর্থের প্রয়োজন হবে ভারত সরকারে। তবে, এক্ষেত্রে বিদেশী কোন সরকারের কাছ থেকে পাঠানো সাহায্য গ্রহণ করবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, তারা সাহায্যের প্রস্তাবে খুশি হলেও, ভারত নিজস্ব অর্থায়নে কেরালা পরিস্থিতি সামলাতে পারবে।
কেরালার পরিস্থিতি উন্নয়নে সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মালদ্বীপ। কেরালা পুনর্গঠনের জন্য আর্থিক সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে তারা। তবে বিদেশি সাহায্যের প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
আর্থিক সাহায্যের মধ্যে আমিরাত ৭০০ কোটি রুপি সাহায্যের প্রস্তাব পাঠিয়েছেন আমিরাতের প্রধানমন্ত্রী রশিদ আল মাকতুম। টুইটারে তাকে প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমিরাত ছাড়া কাতার ৩৫ কোটি রুপি ও মালদ্বীপ প্রায় ৪ কোটি রুপি সাহায্যের প্রস্তাব করেছে।
এদিকে, সরকারি সাহায্য না নিলেও বিশ্বজুড়ে বেসরকারি উদ্যোগে যা সাহায্য আসছে, তা নিতে কোনও আপত্তি নেই ভারতের। -টাইমস অফ ইন্ডিয়া
ইত্তেফাক/ জেআর