এক সময়ের তুখোর ছাত্রনেতা, ফুটবল খেলোয়ার, মুক্তিযুদ্ধের প্লাটুন কমান্ডার, সাবেক কমিশনার, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোক্তার হোসেন ভান্টু (৬৭) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্না------রাজেউন)। ঈদুল আজহার দিন ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
সন্ধ্যার পর সামাজিক, অসাম্প্রদায়িক চেতনার এই মানুষটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদীতে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার দুপুর ২টায় ঈশ্বরদী পিয়ারাখালি গোরস্তান সংলগ্ন ঈদগাহ মাঠে জানাযা শেষে মায়ের কবরের পাশে তার মরদেহ দাফন করা হবে।
মোক্তার হোসেন ভান্টু এক সময়ে ঈশ্বরদীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ন্যাপের তুখোর নেতা ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর প্লাটুন কমান্ডার ছিলেন। ঈশ্বরদী পৌরসভায় চার বার নির্বাচিত কমিশনার এবং শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ফজলুর রহমান ফান্টু, সিপিবির পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ বিবিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা গভীর শোক জ্ঞাপন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিযেছেন।
ইত্তেফাক/নূহু