ভারতে লোকসভা নির্বাচন
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে ১৭তম কেন্দ্রীয় লোকসভার নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের হিলি সীমান্তে কড়া নজরদারি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তের আশেপাশে বাড়ানো হয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যাও। এর ফলে হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। পক্ষান্তরে নজরদারি বাড়িয়েছে বিজিবিও। ভারত থেকে দেশে আসার পথে কয়েকজন পাসপোর্ট যাত্রী জানান, বালুরঘাট শহর থেকে হিলি চেকপোস্টে আসতে একঘণ্টার রাস্তায় চার স্থানে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। পুলিশ, বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এসব তল্লাশি করছে। বালুরঘাটে কেন্দ্রীয় লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে এসব বাধার সম্মুখীন হতে হচ্ছে।
হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
কেন্দ্রীয় লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ বালুরঘাটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই সে দেশে সাধারণ ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীরা হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর ফলে সকাল থেকে বন্ধ রয়েছে পণ্য আনা নেওয়ার কাজ।