কেরালাকে নতুন করে গঠন করার কাজে বিদেশি সাহায্য নেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সূত্র থেকে বুধবার রাতে এই খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। তবে একদিন আগেই স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছিল, ভারত সরকার কেরালা পরিস্থিতি মোকাবিলায় কোন বিদেশী সাহায্য গ্রহণ করবে না।
এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত কোন দেশ সরাসরি আনুষ্ঠানিকভাবে সাহায্য প্রদানের ঘোষণা দেয়নি। তবে কয়েকটি সম্ভাবনা তৈরি হয়েছে। কেরালায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বেশ কয়কটি দেশ এবং কিছু প্রতিষ্ঠান।
স্থানীয় গণমাধ্যম অনুসারে গতকাল ভারতীয় কর্মকর্তারা জানান, কেরালা পরিস্থিতি মোকাবিলায় বিদেশী সাহায্য নেবে না ভারত। এই পরিস্থিতি সামলানোর সক্ষমতা ভারতের রয়েছে। কিন্তু এনডিটিভি’র খবর অনুসারে, সেই অবস্থান থেকে দিল্লি কিছুটা হলেও সরতে শুরু করেছে বলে শোনা যাচ্ছে।
গতকাল থাইল্যান্ডের রাষ্ট্রদূত টুইট করে জানিয়ে দেন, ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা আর্থিক সাহায্য নেবে না। একই ভাবে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাবিত ৭০০ কোটি রুপিও গ্রহণ না করার কথাই ভাবছে কেন্দ্রীয় সরকার।
ইত্তেফাক/ জেআর