বিপরীত চিত্রে রাজধানী

মানুষের পদচারণা আর কর্মব্যস্ততায় মুখর রাজধানীর চিত্র এখন একবারেই বিপরীত। পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানীর রাস্তা এখন ফাঁকা। সড়কে চলাচলে বিড়ম্বনাহীন অনভ্যস্ততায় ভিন্ন আমেজে নগরবাসী। যেখানে আগে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হতো সেখানে গাড়িতে উঠতে না উঠতেই ফুরিয়ে যাচ্ছে পথ।
 
ঈদের ছুটির সঙ্গে রাজধানীবাসীর কর্মব্যস্ততাও যেন ছুটি নিয়েছে। তাই অল্প সময়ে স্বপ্নের রাজধানীর সঙ্গে বাস্তবতার চিত্র একটু মিলিয়ে নিতে সকাল থাকতেই বেরিয়ে পড়া।
IMG0
পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, মেশকাত ট্রান্সপোর্টের বাসে চিটাগাং রোড থেকে মোহাম্মদপুর যেতেও এখন ২০ থেকে ২৫ মিনিটের মতো লাগে। অন্য সময়ে লাগতো কমপক্ষে ২ ঘণ্টা।
 
যাত্রাবাড়ী চৌরাস্তা, জনপথ মোড়, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, মতিঝিল, শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, মগবাজার, মালিবাগসহ রাজধানীর প্রায় সব সড়কে সাই সাই করে গাড়ি ছুটছে বাধাহীন। তবে ঈদ বখশিশের নামে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। কোন কোন ক্ষেত্রে ভাড়া দিতে হচ্ছে দ্বিগুণ।
 
রিকশাচালক আবুল কাশেম বলেন, ‘ভালর সঙ্গে আবার খারাপও লাগছে। জ্যাম থাকলে একটু জিরাইয়া জিরাইয়া চালাতে পারি। এখন জ্যাম নাই, তাই পা দুইটারও জিরান নাই। রাস্তা একেবারে খালি।’
IMG1
ট্রফিক পূর্ব বিভাগের ডেমরা জোনের সার্জেন্ট চন্দন কুমার সিংহ বলেন, ‘এখন যানবাহন কন্ট্রোল করা লাগছে না। অটোমেটিক চলছে।’
 
তিনি আরও বলেন, ‘সরকারি ছুটির পর ঢাকা ধীরে ধীরে আগের রূপে ফিরতে শুরু করবে। তবে পুরোপুরি আগের চেহারায় ফিরতে আরও সপ্তাহখানেক সময় লাগবে।’
 
ইত্তেফাক/বিএএফ