বরিশালে লঞ্চের ধাক্কায় ফল বিক্রেতা নিহত

আটক দুই

বরিশাল অফিস ও উজিরপুর সংবাদদাতা

জেলার উজিরপুর উপজেলার হারতা লঞ্চঘাটে রবিবার বিকেলে ঢাকাগামী যাত্রীবাহি এমভি যুবরাজ-১ লঞ্চের ধাক্কায় জিতেন বিশ্বাস (৩৫) নামের এক ডাব ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় লঞ্চের সুকানিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত জিতেন বিশ্বাস হারতা ইউনিয়নের জামবাড়ী গ্রামের জগদীশ বিশ্বাসের পুত্র। পেশায় সে একজন ভ্রাম্যমাণ ডাব বিক্রেতা ছিলেন।

পুলিশ জানায়, রবিবার বিকেলে জিতেন ডাব বোঝাই ট্রলার নিয়ে হারতা লঞ্চঘাটের পন্টুনের সাথে বাঁধতেছিলো। এ সময় বেপরোয়াগতির যুবরাজ-১ লঞ্চ পন্টুনের সাথে নোঙর করার সময় জিতেন চাপা পরে ঘটনাস্থলেই মারা যায়।

উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, নাজিরপুরের বৈঠাঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঘাতক ওই লঞ্চের সুকানি গিয়াস উদ্দিনসহ দুইজনকে আটক করা হয়েছে। একইসাথে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।