সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগর থেকে ১৫ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে সুন্দরবনের হিরণপয়েন্ট এলাকার সাগর থেকে ১৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। সাগরে ১০ ঘণ্টা ভাসমান ছিল তারা। বৃহস্পতিবার বিকালে বঙ্গোপসাগর থেকে এফবি পারভীন নামের একটি ডুবে যাওয়া ফিশিং ট্রলারের জেলে তারা। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হিরণপয়েন্ট উপকূলে ঝড়ের কবলে পড়ে ১৫ জেলেসহ ফিশিং ট্রলারটি সাগরে ডুবে যায়।

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বঙ্গোপসাগরে সুন্দরবনের হিরণপয়েন্ট উপকূলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে এফবি পারভীন নামের একটি ফিশিং ট্রলারসহ ১৫ জেলে ডুবে যায়। প্রায় ১০ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর এফবি ইমাম নামের অপর একটি ফিশিং ট্রলারের জেলেরা সাগরে ভাসমান অবস্থায় ১৫ জেলেকে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া এফবি পারভীন নামের ট্রলারটির কোন সন্ধান পাওয়া যায়নি।

১৫ জেলেকে উদ্ধারকারী এফবি ইমাম ট্রলারের মাঝি হানিফের বরাত দিয়ে মৎস্যজীবী এই নেতা আরও জানান, ডুবে যাওয়া এফবি পারভীন নামের ফিশিং ট্রলারটির মালিক বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট টেংরা গ্রামের মোঃ মানিক। উদ্ধারকৃত ১৫ জেলেদের বরগুনার পাথরঘাটায় তাদের নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু