কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ও কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঈদুল আজহার আনন্দে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায় নেমে এসেছে।
 
জানা যায়, উখিয়ার উপকূলীয় মেরিন ড্রাইভ সড়কে শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে টমটমের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়। নিহত স্কুল ছাত্র নাম জাফর আলম (৮)। উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া গ্রামের আলী হোছনের ছেলে বলে জানা গেছে। 
 
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বন্ধুদের নিয়ে সি বিচে যাওয়ার সময় রাস্তা পারাপার করতে গিয়ে টমটমের ধাক্কায় মারা যায় স্কুলছাত্র। এ ঘটনায় টমটম চালককে আটক কররা হয়েছে। 
 
অপরদিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস মোড়ে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ বাপ্পি (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। 
 
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত বাপ্পী চকরিয়া উপজেলা সদরের গণি উদ্দিনের ছেলে ও রামু কলেজের শিক্ষার্থী। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস মোড়ে বাপ্পীকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
 
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক জানান, রামু বাইপাস মোড়ে বাসের ধাক্কায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। 
 
ইত্তেফাক/জেডএইচ