নন্দীগ্রামে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ১৮ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় পর জেলা বিএনপি নেতা মোশাররফ হোসেনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পৌর ছাত্রলীগ নেতা আবু হোরায়রা আকাশ।
 
মামলার বিবরণী থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে পৌর ছাত্রলীগ নেতা আবু হোরায়রা আকাশসহ ৭/৮ জন ছাত্রলীগ নেতা চা পান করছিলেন। এ সময় জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন দলীয় নেতাকর্মী নিয়ে সেখানে এসে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তার নির্দেশে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে আবু হোরায়ারা আকাশসহ ৫ জন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
জেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে বাসায় ফেরার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে তার উপর  হামলা চালায়। এতে তিনিসহ ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।
 
শুক্রবার বিকেলে নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগ নেতা আবু হোরায়রা আকাশের দায়েরকৃত মামলায় পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ