ফেনীতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে লেমুয়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের নিকট ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী শ্যামলী পরিবহনের সঙ্গে ৪ লেনের রং সাইডে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। ফেনীর ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা ৬ দাঁড়ায়।
এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। আহতদেরকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সকলেই ফেনী সদর থানার বলে জানা গেছে।
অপর সড়ক দুর্ঘটনায় একই স্থানে এক মোটরসাইকেল আরোহী একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন।
ইত্তেফাক/জেডএইচ