বানারীপাড়ায় পিআইবির সাবেক চেয়ারম্যান, দেশবরেণ্য সাংবাদিক, দৈনিক সমকালের সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় গোলাম সারওয়ারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশনের(পাইলট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকালে।
বিদ্যালয় মিলনায়তনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলমের সভাপতিত্বে ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ারের মেজ ভাই বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ওসি(তদন্ত) ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, ইঞ্জিনিয়ার আ. রাজ্জাক, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক, গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ সাহা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বানারীপাড়ার কৃতি সন্তান দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার ছিলেন মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিভাবান ও নির্মোহ সাংবাদিকতার পথিকৃৎ। ৭১’র রণাঙ্গনের বীর সেনানী, সাংবাদিকতার বাতিঘর এ বরেণ্য সাংবাদিক আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে লেখনীর মাধ্যমে বিশেষ ভূমিকা রেখে গেছেন। জন্মভূমি বানারীপাড়ার প্রতি তার হৃদয়ের গহীনে ছিলো অকৃত্রিম ভালোবাসা। আর সেই ভালোবাসার টানে তিনি আলোকিত বানারীপাড়া গড়ার স্বপ্ন লালন করতেন।
স্মরণ সভার শুরুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, কিংবদন্তী সাংবাদিক গোলাম সারওয়ার বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশনের(পাইলট) এক সময়ের কৃতী ছাত্র ও পরে প্রধান শিক্ষক ছিলেন।
ইত্তেফাক/নূহু