বহুল আলোচিত রুপা হত্যার এক বছর আজ

বহুল আলোচিত জাকিয়া সুলতানা রুপা হত্যার এক বছর আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট হত্যা করা হয় আইন বিভাগের শেষ বর্ষের ছাত্রী রুপাকে। 
 
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ঢাকার আইডিয়াল ল কলেজে ভর্তি হন রুপা। লেখা পড়ার পাশাপাশি ময়মনসিংহের শেরপুরে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরিরত অবস্থায় গত বছরের ২৫ আগস্ট বগুড়াতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ গ্রহণ করেন তিনি। পরীক্ষা দিয়ে কর্মস্থলে ফেরার পথে চলন্ত বাসে গণধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা করা হয় রুপাকে। হত্যার পর ঘাতকরা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকার বনাঞ্চলের রাস্তার ধারে রুপার লাশ ছুড়ে ফেলে দেয়। 
 
এদিকে রুপা হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে ক্ষোভ আর প্রতিবাদ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে ব্যাপক প্রতিক্রিয়া ও তোলপাড়। দাবি ওঠে, দ্রুত বিচার আইনে রুপা হত্যা মামলাটি নিষ্পত্তি করা হোক। অবশেষে প্রচলিত আইনে মাত্র ১৪ কার্যদিবসের মধ্যেই শেষ করা হয় মামলার সকল কার্যক্রম। ১২ ফেব্রুয়ারি টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিঞা ৪ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপর আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ছোয়া পরিবহনের সেই বাসটি ‘নির্দায়’অবস্থায় ক্ষতিপূরণ হিসেবে রুপার পরিবারকে দেয়ার নির্দেশ দেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি