ইরানে ফ্লাইট স্থগিত ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের

বাণিজ্যিক কারণে আগামী সেপ্টেম্বর থেকে ইরানে ফ্লাইট স্থগিত করা হচ্ছে বলে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিষ্ঠান দুটি বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার ঘোষণার এক মাসের মধ্যে এয়ারলাইন্স দুটি এই সিদ্ধান্ত নিলো।
 
ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, লন্ডন-তেহরান ফ্লাইট বাতিল করছে তারা। কারণ ফ্লাইট পরিচালনা বাণিজ্যিকভাবে লাভজনক হচ্ছে না। আগামী ২২ সেপ্টেম্বর লন্ডন-তেহরান সর্বশেষ ফ্লাইট যাবে। তেহরান থেকে লন্ডনে সর্বশেষ ফ্লাইট ফিরবে ২৩ সেপ্টেম্বর। 
 
এছাড়া এয়ার ফ্রান্স আগামী ১৮ সেপ্টেম্বর থেকে প্যারিস-তেহরান রুটে ফ্লাইট বাতিল করেছে। এ রুটে যাত্রী কম থাকায় ফ্লাইট বাতিল করা হচ্ছে বলে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছে।
 
প্রসঙ্গত, এই বছরের মে মাসে ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন ট্রাম্প। ফলস্বরূপ ইরানে আরোপ হতে যাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। চুক্তি অনুসারে, এতদিন পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার বদলে মার্কিন নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়েছিল ইরান। 
 
এমতাবস্থায়, ইরান থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বেশকিছু শীর্ষ আমেরিকান ও ইউরোপীয় প্রতিষ্ঠান। এর অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নিলো ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স। -রয়টার্স
 
ইত্তেফাক/ জেআর