আমেরিকার অ্যারিজোনায় পুরানো কেএফসি দোকান থেকে মেক্সিকো পর্যন্ত মাদক পাচারের গোপন সুড়ঙ্গ খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ। অ্যারিজোনার সান লুই এলাকার পুরানো ওই রেস্তোঁরা ভবনের মাটির নিচের একটি ঘর থেকে ৬শ’ ফুট দীর্ঘ সুড়ঙ্গটি নিয়ে যাওয়া হয়েছে সীমান্তের তলদেশ দিয়ে মেক্সিকোতে।
কর্তৃপক্ষ সুড়ঙ্গটি খুঁজে পায় গত সপ্তাহে এবং ভবনের মালিক লোপেজকে গ্রেপ্তার করেছে। কেএফসির দোকানটি উঠে গেছে আগেই। রাস্তায় গাড়ি থামিয়ে পুলিশ যখন লোপেজকে জিজ্ঞাসাবাদ করছিল তখন কুকুর গাড়িতে রাখা দুই বাক্স ভর্তি অবৈধ মাদকের দিকে পুলিশকে নিয়ে যায়।
গোয়েন্দারা লোপেজের বাসা এবং তার বন্ধ হয়ে যাওয়া কেএফসির দোকানে মাদকের খোঁজে তল্লাশি চালায়। তারা বন্ধ হয়ে যাওয়া রেস্তোঁরার রান্নাঘরের ভেতর সুড়ঙ্গের মুখ খুঁজে পায়।
সুড়ঙ্গপথটি ২২ ফুট গভীর, ৫ ফুট উঁচু এবং ৩ ফুট চওড়া। সুড়ঙ্গের অন্য মুখটির গোপন দরোজা মেক্সিকোর এক বাসায় একটি ঘরের খাটের নিচে। -বিবিসি
ইত্তেফাক/ জেআর