খুলে দেয়া হলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

এক সপ্তাহ বন্ধ থাকার পর রাঙ্গামাটির ঝুলন্ত সেতু খুলে দেয়া হয়েছে। অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যায়। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে এক সপ্তাহ আগে কর্তৃপক্ষ সেতু পারাপার বন্ধ করে দেয়। 
 
এক সপ্তাহ বন্ধ রাখার পর শুক্রবার দুপুরে ঝুলন্ত সেতু থেকে পানি সরে যাওয়ায় কর্তৃপক্ষ সেতুটি পারাপারের জন্য খুলে দেয়া হয়েছে। ঈদের ছুটি কাটাতে আসা লোকজন এখন সেতু পারাপার হতে পারছেন। আর ঈদের লম্বা ছুটিতে যান্ত্রিক জীবনের একটু ক্লান্তি দুর করতে বিনোদনের খোঁজে মানুষ ছুটে আসছেন পাহাড় হ্রদ ঘেরা মনোরম প্রাকৃতিক লীলাভুমি রাঙ্গামাটিতে। আর ঝুলন্ত সেতু থেকে পানি কমে যাওয়ায় বেড়াতে আসা পর্যটকরা ঝুলন্ত সেতু দেখার সাধ মিটিয়ে নিচ্ছেন। 
 
অন্যদিকে, ঈদের দিন পর্যটকরা না আসলেও ঈদের পর পর্যটকের আগমন বাড়তে শুরু করায় ব্যস্ততা বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। রাঙ্গামাটিতে পর্যটকদের জন্য বিনোদনের রয়েছে ঝুলন্ত ব্রিজ, ডিসি বাংলো, পুলিশ বিভাগ কর্তৃক পরিচালিত পলওয়েল পর্যটন, মিনি চিড়িয়াখানা, রাজবন বিহার, কাপ্তাই লেক ও সুভলং ঝর্ণা। এবার ঈদের বন্ধে এসব বিনোদন কেন্দ্রে মানুষের আগমন ঘটেছে বেশি। 
 
এ ব্যাপারে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় পর্যটন সেতুটি পানিতে তলিয়ে যায়। এতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুর উপর চলাচল বন্ধ করে দেয়া হয়। কাপ্তাই হ্রদের পানি উচ্চতা কমে আসায় ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নামতে শুরু করেছে। আর সেতু থেকে পানি নেমে যাওয়ায় আবারো সেতু পারাপারে জন্য পর্যটকদের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে এবং পর্যটকের আগমনও বাড়ছে। 
 
রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিন জানান, ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের অন্যতম আকষণীয় স্থানগুলোসহ কাপ্তাই হ্রদে ভ্রমণ পিপাসুদের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
 
 
ইত্তেফাক/ইউবি