বগুড়ার কাহালু উপজেলার সাঘাটিয়া নয়াপাড়া গ্রামে ঈদের পরের দিন বৃহস্পতিবার এক ভাড়াটিয়া তার বাড়ির মালিকের মেয়েকে (১৫) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার সকালে ভাড়াটিয়া আরমান আলীকে (৪৫) গ্রেফতার করেছে। আরমান আলী কাহালুর উলট্টপুর গ্রামের বাসিন্দা।
থানার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, আরমান আলী সাঘাটিয়া নয়াপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মালিকের মেয়ের মা মুঠোফোনে টাকা তুলতে যান। এই সুযোগে আরমান আলী ওই মেয়েকে জোর করে তার ঘরে এনে ধর্ষণ করেন। শুক্রবার সকালে মেয়ে বাদী হয়ে আরমান আলীকে আসামি করে কাহালু থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে আরমানকে গ্রেফতার করে।
শনিবার মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরমানকে বগুড়ার আদালতে পাঠিয়েছে।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, আরমান পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ