নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ক্লিক মোড়ে নাটোর-পাবনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু, ৫ পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তারা সবাই লেগুনার যাত্রী।
নিহত যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, লেগুনার চালক ঠাকুরগাঁওয়ের রহিম আলী (২৮), নাটোরের বড়াইগ্রাম নারায়ণপুরের রজুফা বেগম (৫০) ও শেফালী বেগম (৪৫), জামাইদিঘার লগেনা বেগম (৬৫), পাবনা দাশুড়িয়া মিরকামারি গ্রামের শাপলা আক্তার (২০), টাঙ্গাইল গোপালপুরের রোকন সেখ (২২)।
IMG0
স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বনপাড়া থেকে ঈশ্বরদীগামী লেগুনার সংঘর্ষ ঘটে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসূন নূর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার কাজ চলছে। বিস্তারিত রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে।
IMG1
ইত্তেফাক/জেডএইচ