জামালপুরে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

জামালপুরের ইসলামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আনসার আলী সরদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া গ্রামের বুচা সর্দারের পুত্র আনসার আলী সরদার গং এর সঙ্গে পার্শ্ববর্তী কমল গংদের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বসতবাড়ি সংলগ্ন নিহত আনসার আলী সরদারকে একা পেয়ে এলোপাতাড়ি প্রহার করা হয়। এতে আনসার আলী সর্দার গুরুত্বর আহত হন। তাকে জামালপুর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
 
এ ঘটনায় আহতরা হলেন- সোলায়মান (২৫), হবিবর (৩২), আব্দুর রশিদ (৩৩), ফাতেমা বেগম (৩০), আবুল (৩০), আশরাফ (৪০), আকুল (২৫), শহিদুল (৩৫), ছালেহা বেগম (৪০), নাছিমা বেগম (৩৫), সুজন (২৩), বাবুল (৩২), লাল মাহমুদ (৪৫),  মোমতাজসহ (৩৫) ১৫ জন আহত হন। আহতদের ইসলামপুর ও জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
গাইবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইসলামপুর থানার ওসি শাহীনুজ্জামান খান জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনার ব্যবস্থা করা হয়েছে। 
 
তিনি আরো বলেন, শকিল (২২) এবং রোকন (২০) নামে  দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
 
ইত্তেফাক/জেডএইচ