ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার মধ্যদিয়ে প্রথম দিনের দায়িত্ব পালন শুরু করলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন। দেশের রাজনীতির ক্ষেত্রে প্রচন্ড টালমাটাল সপ্তাহ পার করার পর সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনারও ঘোষণা দিয়েছেন তিনি। খবর এএফপি’র।
কট্টর রক্ষণশীলদের দলাদলিকে কেন্দ্র করে মধ্যপন্থী ম্যালকম টার্নবুলের বিরুদ্ধে লিবারেল পার্টির অনেক সদস্যের প্রচন্ড বিদ্রোহের পর শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার ৩০তম নেতা হিসেবে স্কট মরিসন শপথ নেন।
টার্নবুলের ঘনিষ্ঠ মিত্র সাবেক এ কোষাধ্যক্ষ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার উষ্ণ কথাবার্তা হয়েছে।
টুইটারে এক বার্তায় তিনি বলেন, ‘আজ সকালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চমৎকার আলোচনা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক জোরদারের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।’
এদিকে ট্রাম্পও টুইটারে এক বার্তায় মরিসনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ওই টুইটার বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো এতো ভাল বন্ধুত্ব আর কোথাও নেই।’
ইত্তেফাক/টিএস