দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে স্টেশনে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজির দায়ে ৬ যুবকের প্রত্যেককে ৮শ’ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা প্রদানকারী কালোবাজারিরা হচ্ছে, রফিকুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেন (২৫), মো. লিমন (২৪), মো, রাজু (২৭), চন্দন সরকার (৩০) ও মো. মিলন (২২)। শনিবার রাত সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক এ রায় ঘোষণা করেন।
রেলওয়ের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্র রেলওয়ে স্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। তাদের অপতৎপরতায় ট্রেনের যাত্রীসাধারণ ট্রেনে টিকিট পেতে চরম দুর্ভোগে পড়েন। কালোবাজারিরা স্টেশনের টিকিট কাউন্টারের বুকিং সহকারীদের সঙ্গে যোগসাজশে বাইরে ট্রেনের টিকিট তিন চারগুণ বেশি মূল্যে বিক্রি করে আসছিল।
পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় টিকিট কালোবাজারি চক্রের ৬ সদস্যকে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শোভন (চেয়ার) শ্রেণির ১৪টি টিকিটসহ হাতেনাতে আটক করেন। পরে তাদেরেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার রেহানুল হক ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে প্রত্যেক ৮শ’ টাকা জরিমানা করেন। দণ্ডবিধি ১৮০ এর ১৮৮ ধারায় ওই সাজা দেওয়া হয়েছে। পরে সাজাপ্রাপ্তরা জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ৬ জন আটক ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/মোস্তাফিজ