নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

নরসিংদীর বেলাবতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মো. কামাল হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার সররাবাদ নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
 
এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পাশাপাশি উভয়পক্ষের অন্তত ১০টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কামাল নয়াকান্দি এলাকার সাহেব বাড়ির মজনু মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়াকান্দি গ্রামের কায়া বাড়ির সেলিম মিয়া নামের এক সিএনজি চালক গত শনিবার রাতে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে তার নিজ বাড়ি ফেরার পথে একই গ্রামের নয়ন বেপারির বাড়ির মোস্তফা মিয়ার ঘরের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে সেলিম ও মোস্তফার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে উপস্থিত লোকজন তা মিমাংসা করে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হলেও সিএনজি চালক সেলিম মিয়া ও তার বাড়ির লোকজন বিষয়টি সহজভাবে না নিয়ে গতকাল রবিবার দুপুরে প্রতিপক্ষ মোস্তফার বাড়িতে হামলা চালায়। এতে মোস্তফার বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়।
 
এ ঘটনার পর বিকেলে মোস্তফা মিয়ার বাড়ির লোকজন সেলিম মিয়ার বাড়িসহ কায়া বাড়িতে হামলা চালায় এবং ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় পার্শ্ববর্তী সাহেব বাড়ির লোকজন বিষয়টি মিমাংসার জন্য এগিয়ে গেলে কামাল হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। আহত কামালকে কিশোরগঞ্জের বাজিতপুরে জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যায়।
 
কামালের মৃত্যুর সংবাদে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বেলাব ও ভৈরবের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
বেলাব থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর নিহত কামালের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএম