ভাঙ্গার কুমার নদে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে বিশ্বরোডের ব্রিজ

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে একাধিক শক্তিশালী ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে ঢাকা-খুলনা বিশ্বরোডের মুনসুরাবাদ ব্রিজসহ একই নদের উপর ভীমের কান্দি ব্রিজ। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এভাবে বালু উত্তোলন করে ব্রিজ দুটির ক্ষতিসহ নদীর দুই পাড়ের বাসিন্দাদের ও হুমকির মুখে ফেলেছে সুযোগ সন্ধানী কিছু রাজনৈতিক পরিচয়দানকারী বালু ব্যবসায়ী।
 
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করেই ড্রেজার মালিকরা এই অবৈধ ব্যবসা করে যাচ্ছে। বালু উত্তোলনকারীদের কেউ বাধা দিতে গেলে উল্টো তাদেরই পরতে হচ্ছে নানা ঝামেলায়। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ব্রিজ দুটি হুমকিতে ও নদীর পাড় ভাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে।
 
সরেজমিনে দেখা যায়, কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা পাইপ লাইন টেনে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মালিক ইলিয়াছ জানায়, স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তি তাদের ভাড়া করে এনেছে। তারাই ব্যবসা নিয়ন্ত্রণ করে।
 
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী মাহাবুর উর রহমান বলেন, আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করব। ব্রিজ দুটিকে হুমকিতে যারা ফেলেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
 

ইত্তেফাক/এএম