পাবনায় ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

পাবনা শহরের লাইব্রেরি বাজার এলাকায় ট্রাক চাপায় সুরাইয়া ইসলাম বিন্দু (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ভাই মেহেদী হাসান বিশাল।
 
নিহত সুরাইয়া ইসলাম বিন্দু পাবনা শহরের গোপালপুর আই,বি রোড়ের শফিকুল ইসলাম বিপুর মেয়ে ও পাবনা পুলিশ লাইনস্ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
 
পাবনা সদর থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন জানান, সোমবার সকালে বিন্দু তার ভাই মেহেদী হাসান বিশাল এর সাথে মোটরমাইকেলে যাচ্ছিল। পথিমধ্যে লাইব্রেরি বাজারের গ্রিন লিফ স্কুলের সামনে পৌঁছালে ব্যাটারি চালিত একটি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে পড়লে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিন্দু মারা যায়। গুরুতর আহত বিন্দুর ভাইকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে। ট্রাক ও ট্রাকের চালক সাগর আলীকে আটক করেছে পুলিশ।
 
ইত্তেফাক/এএম