ইত্তেফাক রিপোর্ট
শরিয়তপুর থেকে বিচ্ছিন্ন নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার তিন ইউনিয়ন চর আত্রা, নওপাড়া ও কাঁচিকাটাকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুত্ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই জেলার জন্য ৬০০ কোটি টাকার নানাবিধ প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে শরিয়তপুর একটি মডেল জেলায় রূপান্তরিত হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম গতকাল সোমবার চর আত্রায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুত্ সংযোগ কার্যক্রম ও বিদ্যুত্ উপ-কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শরিয়তপুর জেলা শহর বা উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ জেলা থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবলের (সাবমেরিন ক্যাবল) মাধ্যমে নদীর ৮০০ মিটার অংশে বিদ্যুত্ সংযোগ লাইন নেওয়া হচ্ছে। ২০কেভিএ সংযোগের ফলে বিদ্যুতের সংযোগ পাবে চরগুলোতে বসবাসকারী প্রায় ৭০ হাজার পরিবার।
এ সময় বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মো. আব্দুস ছালাম, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব ব্যাপারী, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হুমায়ন কবির মোল্লা বক্তব্য রাখেন।