যুক্তফ্রন্টের অন্যতম নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, এ সরকারের দুঃশাসন থেকে মুক্তির জন্য জনগণ এখন জাতীয় ঐক্যের অপেক্ষা করে আছে। জনগণের অধিকার আদায়ে জাতীয় ঐক্য হচ্ছে। এ ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার আদায়ের জন্য এ সরকারের পতন ঘটাতে হবে।
তিনি বলেন, দেশে এখন আইনের শাসন নেই। এ সরকার এখন জনবিচ্ছিন্ন সরকার, এ সরকার পুলিশী সরকার।
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে বিভিন্ন ইউনিয়নে গত এক সপ্তাহ ধরে (২০-২৬ আগস্ট) ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে চরপোড়াগাছা এলাকায় নিজের বাসভবনে রবিবার রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় গত এক সপ্তাহে তার নির্বাচনী এলাকার (রামগতি-কমলনগর) বিভিন্ন ইউনিয়নে হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে তিনি ২০টিরও বেশি জনসমাবেশ করেছেন। তিনি দাবি করেন, গণসংযোগকালে এসব সমাবেশে সরকারের দুঃশাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে তিনি জনগণের প্রতিবাদী মনোভাবের প্রকাশ দেখেছেন। ন্যায় বিচার, সুশাসন, গণতন্ত্র ও অবাধে ভোট দেওয়ার অধিকার আদায়ে তারা (জনগণ) জাতীয় ঐক্যের প্রত্যাশা করে আছেন।
তিনি জানান, জনগণের অধিকার আদায়ের জন্য যুক্তফ্রন্টসহ সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ার কাজ এগিয়ে চলেছে। সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে অচিরেই এই ঐক্য প্রক্রিয়ার আত্মপ্রকাশ ঘটবে।
এ সময় জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি বেগম তানিয়া রব, উপজেলা জেএসডির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, জেএসডি সমর্থিত রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্যাহ আল নোমান ও সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম রিয়াজসহ রামগতি ও কমলনগর উপজেলা জেএসডি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু