স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগে শিক্ষাবৃত্তির জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন বিভাগের সাবেক এক শিক্ষার্থী। রবিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে বিভাগের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, রাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুমা) সাধারণ সম্পাদক ও বিভাগের সভাপতি অধ্যাপক একেএম গোলাম রব্বানী মন্ডল।
এর আগে, গত ১৩-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অ্যালামনাইয়ের সম্মিলনে বিভাগের সাবেক শিক্ষার্থী মাহবুবুল আলম রাজা অনুদান হিসেবে ৫০ লাখ টাকার চেক দেন। চেকটি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের মাধ্যমে রুমার সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট হস্তান্তর করা হয়। ঐদিনই রুমার একটি বিশেষ সভায় বৃত্তি ফান্ডের নীতিমালা প্রণয়নের জন্য রুমার সাধারণ সম্পাদককে আহ্বায়ক ও অধ্যাপক ড. বোরাক আলীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সম্মেলনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সাবেক শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অন্যান্য এলামনাসদেরকেও বিভাগের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার লক্ষ্যে অ্যালামনাই বৃত্তি ফান্ডে আর্থিক অনুদান প্রদানের আহ্বান জানানো হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার বিষয়ক সম্পাদক ও বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল আলীম এ বিজ্ঞপ্তি পাঠ করেন।