জাপানি নাগরিককে মুক্তি দিল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ায় আটক জাপানি পর্যটককে মানবিক দিক বিবেচনা করে মুক্তি দেয়া হয়েছে। এ উপদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বরফ গলার প্রেক্ষাপটে পিয়ংইয়ংয়ের সাথে টোকিও বৈঠকে বসতে চাওয়ার পর এ বন্দিকে ছেড়ে দেয়া হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।

বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘তোমোউকি সুগিমোতো নামের জাপানি নাগরিক উত্তর কোরিয়ার আইন বিরোধী অপরাধের তদন্ত করা সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের হেফাজত থেকে মুক্তি পেয়েছে।’ তিনি একজন পর্যটক হিসেবে সম্প্রতি উত্তর কোরিয়া সফরে যান।

সুগিমোতোর ব্যাপারে তেমন কিছু জানা না গেলেও জাপানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তিনি একজন ভিডিওগ্রাফার ছিলেন। বিদেশি একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিনি উত্তর কোরিয়া সফর করেন।

জাপানি সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী নাম্পোতে একটি সামরিক ঘাঁটির তিনি ভিডিও করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সুগিমোতোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা স্পষ্ট করে জানা যায়নি।
 
ইত্তেফাক/টিএস