ত্রিপুরা পল্লীর শিশুরা হাম রোগে আক্রান্ত, আরও তিনজনের অবস্থা গুরুতর

হাসপাতালে ভর্তি হওয়া হাটহাজারীর ত্রিপুরা পল্লীর শিশুরা হাম রোগে আক্রন্ত বলে নিশ্চিত হওয়া গেছে। সোমবার বিকালে চট্টগ্রাম বিভাগের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল ৬ জন শিশুর রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন আক্রান্ত শিশুরা হাম রোগে ভুগছে।
 
এদিকে সোমবার সকালে ঢাকা থেকে দুটি পর্যবেক্ষক দল হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ ওই ত্রিপুরা পল্লী পরিদর্শন করেছেন। আইইসিডিআর থেকে মুরাদুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটা টিমও সোমবার বিকালের দিকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্রেক্সে পৌঁছান। পরে তারা সোনাইরকুলের দূর্গম ত্রিপুরা পল্লী পরিদর্শনে যাবেন বলেও জানা যায়। 
 
বিশেষ একটি টিম ওই পল্লী পরিদর্শন করে অসুস্থতার মূল কিছু কারণ চিহ্নিত করেন। যার মধ্যে বিশুদ্ধ পানির অভাব, পুষ্টি জনিত সমস্যা, শিক্ষার অভাব এবং নোংরা পরিবেশ অন্যতম।  
 
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ দক্ষিণ উদালিয়ার সোনাইরকুলের দূর্গম ত্রিপুরা পল্লীতে কয়েকদিনের ব্যবধানে চার শিশুর মৃত্যুর পর মোট ২৮ জন আক্রান্ত জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রবিবার ২৬ আগস্ট ২২ শিশুকে এবং সোমবার সকালে আরও ৬ শিশুকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। 
 
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী মেডিকেল ট্যাক. (ইপিআই) মো.ইব্রাহিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোজাহেদুল মাওলা, স্বাস্থ্য পরিদর্শক তৃপ্তি সেনগুপ্ত, রীণা ভট্টচার্য্য ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক বাবুল কান্তি চৌধুরীর সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত টিমও গঠন করা হয়। 
 
হাসপাতালে ভর্তি করানো ২৮ জন শিশুর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় সোনালী  ত্রিপুরা (৫), গোপাল ত্রিপুরা (২), মেনশন চাকমাকে (৪) চট্টগ্রামস্থ সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজে (বিআইটিআইডিতে) স্থানান্তর করা হয়।
 
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ত্রিপুরা পল্লীতে গত ছয় দিনে চার শিশু মারা যায়। মৃত্যুর খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকার্তা (টিএইচও) ডা. আবু সৈয়দ মোঃ ইমতিয়াজ হোসাইন এর নেতৃত্বে মোট ৬ জনের একটি চিকিৎসক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আক্রান্ত শিশুদের দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করেন। 
 
ইত্তেফাক/কেআই