টাংগাইলের নাগরপুরে রাস্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তিরছা-ঘুনিপাড়া সড়কের মুশুরিয়া অংশে সোমবার বিকালে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘রাস্তা চাই, দিতে হবে’ লেখা ব্যানার নিয়ে মানববন্ধনে শত শত নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী অংশ নেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তিরছা-ঘুনিপাড়া সড়কটি দীর্ঘদিন সংস্কার না করার ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিবছর বৃষ্টি ও বন্যায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হলেও কোন সংস্কার হয় না। রাস্তা দিয়ে গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হাটাই কষ্টকর। এ বছর বন্যার পানিতে রাস্তার মুশুরিয়া দক্ষিণ পাড়া অংশের আল-আমিন ও বিপ্লবের বাড়ির সামনের রাস্তা খালে ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিপাকে পড়েন এ অঞ্চল দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ। স্থানীয়ভাবে বাশের বেড়া দিয়ে রাস্তা সংস্কারের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ থেকে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানান এলাকাবাসী।
IMG0
গ্রামবাসীর পক্ষে আরছেনা খাতুন তমা, চাঁন মামুদ সরকার, ইকবাল, হামিদ আশরাফুল প্রমুখ জানান, বেকরা ইউনিয়ন পরিষদ হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাস্তা সংস্কারের ব্যাপারে তেমন কোন কাজ হয়নি। এতে করে গ্রামের শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ ব্যাহত হচ্ছে। রোগী নিয়ে হাসপাতালে যেতে দুর্ভোগের শেষ নেই, অনেক সময় রোগী রাস্তায়ই মারা যায়, অ্যাম্বুলেন্স তো দূরের কথা রিকশাও আমাদের গ্রামে আসে না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন জানান, উক্ত রাস্তা সংস্কারে প্রায় ২০-৩০ লাখ টাকার প্রয়োজন, এই মুহূর্তে আমাদের কাছে এত টাকা নেই।
২নং ওয়ার্ডের বর্তমান মেম্বর জানান, চেয়ারম্যান আমাদের দক্ষিণ দিক দিয়ে রাস্তা বের করার কথা বলেছেন। কিন্তু খরচ হবে অনেক টাকা যা আমার কাছে নেই। আমি প্রকল্প বা অনুদান পেলেই কাজ শুরু করব। রাস্তার সংস্কার হোক এটা আমিও চাই।
ইত্তেফাক/জেডএইচ