মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুর সদর উপজেলার ইসলামনগরে শ্যালোমেশিন চালিত আলগামান উল্টে খেজমত আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিলে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত খেজমত আলী ইসলামনগরের চাঁদবিল গ্রামের মিলন শেখের ছেলে। পেশায় তিনি দিনমজুর।
 
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে চাদঁবিল গ্রাম থেকে আলগামনে করে খেজমত আলীসহ ১৫ থেকে ১৬ জন শ্রমিক গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে রাস্তার কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। পথিমধ্যে সদর উপজেলার ইসলাম নগরে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে আলগামনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় আলগামনটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে খেজমত আলীসহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় খেজমত আলীর মৃত্যু হয়।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।  
 
ইত্তেফাক/বিএএফ