গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আলিম ওরফে আঙ্গুর (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে শাখাহার ইউনিয়নের পারইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল আলিম ওরফে আঙ্গুর গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
ওই স্কুলছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত ৯ টার দিকে ওই স্কুলছাত্রীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে আঙ্গুর। এ সময় শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম শিশুটি ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত আঙ্গুরকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইত্তেফাক/বিএএফ