শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের স্মরণে সোমবার মধ্যরাত থেকে ফ্রান্সের আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে দেওয়া হয়। বিশ্বের অন্যতম আশ্চর্য আইফেল টাওয়ার অন্ধকারে রেখে সম্মান জানানো হয় হামলায় হতাহতদের প্রতি।
রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে আট দফা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩০০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ইতোমধ্যেই ৫০০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
রবিবার এক টুইটে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ জানায়, ‘সোমবার রাত ১২টায় আমরা সকল বাতি নিভিয়ে শ্রীলঙ্কা হামলায় হতাহতদের প্রতি সম্মান জানাবো। এর আগে ২০১৭ সালে ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্দ্রের কনসার্টে বোমা হামলায় ২২ জন নিহত হওয়ার ঘটনায় আইফেল টাওয়ার অন্ধকার রাখা হয়েছিলো।