পাথরঘাটায় বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু নওয়া বাহিনীর প্রধান রফিকুল ইসলাম রানা (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মাঝেরচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময়  দুটি বন্দুক, একটি ওয়ান শুটারগান, প্রায় ৩৬ রাউন্ড গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব।
 
র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদের মাঝেরচর এলাকায় র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে জলদস্যু বাহিনীর সদস্যরা পিছু হটতে বাদ্ধ হয়। পরে রানার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে র‌্যাব।
 
অধিনায়ক আতিকা ইসলাম আরও জানান, বন্দুকযুদ্ধে নিহত রানা এক সময়ের সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু নওয়া বাহিনীর সদস্য ছিলেন। পরে র‌্যাবের কাছে নওয়া বাহিনীর সকল সদস্য আত্মসমর্পণ করলেও রফিক করেনি। পরে তিনি নিজেই সুন্দরবনে নওয়া বাহিনী নামেই আরেকটি জলদস্যু বাহিনী গঠন করে জেলে অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্যে জড়িয়ে পড়েন। রানার মরদেহ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ