রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে পুলিশ শিপন (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার কিশোর শিপনকে আদালতে হাজির করা হলে তাকে গাজীপুরস্থ শিশু কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।
শাহাজাহানপুর থানা পুলিশ সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই শিশুর অভিভাবকরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিপন নামের এক কিশোরকে গ্রেপ্তার করে। কিশোর শিপনকে আজ শাহজাহানপুর থানা পুলিশ শিপনকে আদালতে হাজির করে। শিপনের পরিবারের সদস্যদের জামিনের আবেদন নাকচ করে আদালত শিপনকে গাজীপুর শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়। অপরদিকে, পুলিশ ওই শিশুর চিকিৎসার জন্য সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
ধর্ষণের শিকার শিশুটির পরিবার জানিয়েছে, তাদের বাসার পাশেই শিপনের বাসা। পূর্বপরিচিত হওয়ায় সন্ধ্যায় তার বাসায় যায় শিশুটি। একা পেয়ে শিপন শিশুটিকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশিরা শিপনকে আটক করে থানায় খবর দেয়। এ ব্যাপারে শাহাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেকে