৭ জেলেকে মাথা ন্যাড়া করে নির্যাতন, আটক ৩

কক্সবাজারের পেকুয়ায় ৭ জেলেকে মারধর ও মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে ভুক্তভোগী গোপাল সরদার বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলা দায়ের করেন। 
 
এতে রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার মৃত কাছিম আলীর ছেলে নুরুল আবছার প্রকাশ বদু মেম্বারকে প্রধান করে এজাহারনামীয় ৫ জন ও ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। সোমবার দিনগত রাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানীয় অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ  করা হয়েছে।
 
আটককৃতরা হলেন- বামুলাপাড়া এলাকার মৃত বজল আহমদের ছেলে জামাল হোসেন (৩২), বাশখালী জলদি ইউনিয়নের মহাজন পাড়া এলাকার মৃত  কৃষ্ণ শীলের ছেলে নেপাল শীল (৪০) ও লোহাগড়া পুটিবিলা ইউনিয়নের তাতীপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আবুল কাশেম (৪৫)। কিন্তু এজাহারনামীয় অপর আসামি পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বদি উদ্দিন পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে নুরুল আলম প্রকাশ পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
মামলার বাদী চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের জালিয়া পাড়া এলাকার মৃত সোনা সরদারের ছেলে গোপাল সরদার বলেন, গত ২৪ আগস্ট মাছ ধরার কথা বলে ১২ জেলেকে রাজাখালী ইউনিয়নের বদি উদ্দিন পাড়ায় নিয়ে যান নুরুল আবছার প্রকাশ বদু মেম্বার। মাছ ধরা শেষে ফেরার পথে বদু মেম্বারের নির্দেশে আমিসহ ৭ জেলেকে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে মাথা মুড়িয়ে ইউনিয়নের বিভিন্নস্থানে ঘুরানো হয়। 
 
মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর চালানো এমন বর্বর ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
 
ইত্তেফাক/জেডএইচ