ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে শক্তিশালী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সংবাদ সোমবার দৈনিক ইত্তেফাক অনলাইন পত্রিকায় প্রকাশের পর ২টি ড্রেজার মেশিন জব্দ করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে মুনসুরাবাদ ব্রিজের পাশে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোসা. আফসানা কাওছার অভিযান চালিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকালে মেশিন দুটি জব্দ করে।
দীর্ঘদিন ধরে একই স্থান হতে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ঢাকা-খুলনা বিশ্বরোডের মুনসুরাবাদ ব্রিজসহ একই নদীর ওপর ভীমের কান্দি ব্রিজ। সুযোগ সন্ধানী কিছু রাজনৈতিক নেতা ও বালু ব্যবসায়ী দিনের পর দিন এভাবে বালু উত্তোলন করে ব্রিজ দুটির ক্ষতিসহ নদীর দুই পাড়ের বাসিন্দাদের ও হুমকির মুখে ফেলেছিল। এছাড়াও আলগী ইউনিয়নের কুমার নদীর শাহমুল্লগদী গ্রামে এবং পীরেরচর ব্রিজের পাশে একাধিক অবৈধ ড্রেজার মেশিন বালু উত্তোলন করা সেসব এলাকায় চরম ভাবে ক্ষতিগ্রস্ত করছে বালু ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব-উর-রহমান বলেন, সরকার নদী রক্ষায় সর্বদা কাজ করতে আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। সেখানে গোপনে কিছু অসাধু ব্যবসায়ী বালু উত্তোলন করছে এমন সংবাদ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছি। নদীকে ক্ষতি করে কাউকেই কোন ধরণের অনৈতিক সুবিধা প্রদান করা হবেনা। ভাঙ্গা উপজেলার যেখানেই অবৈধভাবে কেউ বালু উত্তোলন করবে আমরা তা প্রতিহত সহ আইনগত ব্যবস্থা নেব।
ইত্তেফাক/বিএএফ