টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ সদরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে সোয়া কোটি টাকার ইয়াবা বড়িসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 
 
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ দল টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী পাড়ায় ইয়াবা বেচা-কেনার ঘটনাস্থলে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তুলাতলীর মৃত বকসু মিয়ার পুত্র আব্দুল আমিন (৪০) ও মো. হোসেনের পুত্র সৈয়দ নূরকে (৪০) আটক করে। লোকজনের উপস্থিতিতে তাদের সঙ্গে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে সোয়া কোটি টাকা মূল্যমানের ২৫ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। 
 
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান (পিপিএম) সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/ইউবি