বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো হামলার কোনো আশঙ্কা নেই। শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী মারা যায়। গুরুতর আহত হয়েছেন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। এ ঘটনায় গতকাল সোমবার রাজধানীর বনানীতে শেখ সেলিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চলে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার (আজ) দেশে আসবে। তবে শ্রীলঙ্কার ডাক্তাররা মশিউল হক চৌধুরীর চিকিত্সা করছেন। তিনি এখন ঝুঁকিমুক্ত আছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় বাংলাদেশ সতর্ক আছে। বাংলাদেশে কোনো হুমকি নেই। বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। তবে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল এবং আছে। এ ধরনের ঘটনা ঘটতে পারে সেরকম তথ্য আমাদের কাছে নেই। তারপরও আমরা ইস্টার সানডের জন্য বিশেষ নজর রেখেছিলাম আমাদের চার্চগুলোর দিকে। এছাড়া শবেবরাতের জন্যও আমাদের নিরাপত্তা বাহিনী সতর্ক ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী এবং দেশের জনগণ এই ধরনের জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে পছন্দ করে না, আশ্রয়-প্রশ্রয় দেয় না। এই নীতিতে বিশ্বাস করে না বলেই আমাদের দেশ মোটামুটি শান্তই আছে। শ্রীলঙ্কার হামলা খুবই হূদয়বিদারক ঘটনা উল্লেখ করে তিনি এ ধরনের সন্ত্রাসবাদ রোধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কথা বলেন।