সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করে পালানোর সময় ঘাতকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকায়। এই ঘটনার শিকার দু’জন হচ্ছেন শেরপুর সদর থানার মালিনপার গোনাইমিয়া এলাকার আসকর আলীর ছেলে মিকটুল মিয়া (৩৫) ও একই থানার মাইকপাড়া এলাকার ইনতাজ আলীর মেয়ে ফাহিমা আক্তার (৩০)।
জানা গেছে, আড়াই বছর আগে মিকটুলের সঙ্গে ফাহিমার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় গত ছয় মাস আগে এক গ্রাম্য সালিশের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ফাহিমা কালিয়াকৈরের হরতকিতলা এলাকার বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন।
শনিবার রাতে ফাহিমার ভাড়া বাসায় যান মিকটুল মিয়া। কোনো একটি বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিকটুল তার সঙ্গে আনা একটি ধারালো ছুরি দিয়ে ফাহিমাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ছুরিকাঘাতের সময় ফাহিমার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে মিকটুল দৌড়ে নিকটস্থ একটি পুকুরে ঝাঁপ দেন। এসময় পুকুরের মধ্যে থাকা দণ্ডায়মান কয়েকটি রড তার পেটে ঢুকে গেলে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এঘটনায় থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।