কাশ্মীরে বন্দুকযুদ্ধে হিজাব-উল-মুজাহিদিন কমান্ডারসহ ২ জঙ্গি নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বুধবার জঙ্গি ও ভারতীয় সৈন্যের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধে হিজাব উল-মুজাহিদিনের শীর্ষ কমান্ডার আলতাফ কচরু সহ অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৫১ কিলোমিটার দক্ষিণে অনন্তনাগ জেলার মুনিওয়ার্ড গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।
 
অনন্তনাগের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সিনহুয়াকে বলেন, এখানে মুনিওয়ার্ড গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে আজ সকালে এ বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে।
 
তিনি জানান, নিহত জঙ্গিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দু’টি হামলাকারী রাইফেলও উদ্ধার করা হয়েছে। 
 
নিহত জঙ্গিদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
 
এদিকে, কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অনন্তনাগ শহরে চলাফেরার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে এবং এ জেলায় ইন্টারনেট সার্ভিস স্থগিত রেখেছে।
 
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ও ভারতীয় সৈন্যের মধ্যে গেরিলা যুদ্ধ চলছে।-গ্রেটার কাশমির ও বাসস
 
ইত্তেফাক/ জেআর