নীলফামারীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট শেষ

প্রথমবারের মতো উত্তরাঞ্চলে আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে ব্যাপক সাড়া পড়েছে নীলফামারীতে। ইতিমধ্যে বাংলাদেশ-শ্রীলংকা প্রীতি ফুটবল ম্যাচটির টিকিট শেষ হয়ে গেছে। 
 
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আজ বুধবার বিকেল চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ ঘিরে গতকাল শেখ কামাল স্টেডিয়ামে অনুশীলন করছে শ্রীলঙ্কার দল। অপরদিকে বাংলাদেশ দল অনুশীলন করেছে রংপুর জেলা স্টেডিয়াম মাঠে।
 
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের আসনসংখ্যা ২০ হাজার। এর মধ্যে ভিআইপি আসন রয়েছে ৩৬৯টি। আর মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে এক হাজার। এদিকে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সব টিকিট বিক্রি শেষ হয়েছে।
 
নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।
 
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য আরিফ হোসেন মুন জানান, ম্যাচ ঘিরে ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। ব্যাংকের শাখাসমূহে প্রতিদিন টিকিট সরবরাহের এক ঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায়।
 
এদিকে ম্যাচ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নীলফামারীতে। গোটা এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাঁচস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি কাজ করবে।
 
 
ইত্তেফাক/জেডএইচ