সাদুল্লাপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নারী নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় তারা বাণু বেওয়া (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি সংলগ্ন অটো ও সিএনসি স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তারা বাণু বেওয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের বসনিয়াপাড়ার মৃত মনছুর প্রামানিকের স্ত্রী।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় গাইবান্ধা থেকে সাদুল্লাপুরগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা তারা বাণু বেওয়াকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। 
 
সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ব্যাটারি চালিত অটোরিকশার চালককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। 
 
ইত্তেফাক/কেকে