গাইবান্ধার সাদুল্লাপুরে রুমানা বেগম (২২) নামে এক গৃহবধূকে মারধরের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আঙ্গুর মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী আঙ্গুর মিয়াসহ পরিবারের লোকজন ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। নিহত রুমানা বেগম উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামের আবু মিয়ার মেয়ে।
মঙ্গলবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়েছে।
পুলিশ ও রুমার স্বজনরা জানান, তিন বছর আগে রুমানারে সঙ্গে একই ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের খোকা মিয়ার ছেলে আঙ্গুর মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় আঙ্গুরকে যৌতুক হিসাবে এক লাখ টাকা দেয়া হয়। এছাড়া আঙ্গুরকে ঘরের আসবাবপত্র ও কিছুদিন আগে একটি ব্যাটারি চালিত অটোরিকশাও কিনে দেওয়া হয়। কিন্তু আঙ্গুর আরও যৌতুকের টাকা দাবি করেন। এনিয়ে আঙ্গুর মিয়া প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। মঙ্গলবার বিকেলে সে তার স্ত্রীকে খুব মারধর করে এবং একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির উঠানে রেখে আঙ্গুর পালিয়ে যায়। পরে ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে অপ্রচার চালায় তিনি ও তার পরিবারের লোকজন।
সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলায় ও শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা আবু মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ