মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সার্কেলের সদস্যরা আজ বুধবার সকালে জেলার গাবতলী উপজেলার হিজলী গ্রামে এক ইউনিয়ন ছাত্রলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। সেই সঙ্গে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইউপি সদস্য নিকরাইল ইসলাম রুবেলকে (৩২) গ্রেপ্তার করেছে। রুবেল গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সার্কেলের পরিদর্শক শাহজালাল জানান, ইউপি সদস্য নিকরাইল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিল। বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ক্রেতা সেজে তার বাড়িতে ইয়াবা কিনতে যান। এসময় ওৎ পেতে থাকা অপর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরে ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে ১০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী মডেল থানায় মামলা হয়েছে বলে পরিদর্শক শাহজালাল জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে