বগুড়ার ধুনট উপজেলায় মায়ের সঙ্গে বাঙ্গালি নদীতে গোসল করতে নেমে আল আমিন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার বিকেল ৪টা পর্যন্ত নদীতে নিখোঁজ শিশুর সন্ধান না পেয়ে উদ্ধার তৎপরতা পরিত্যক্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দলের সদস্যরা।
আল আমিন উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন তার মায়ের সঙ্গে বাড়ির পাশে বাঙ্গালি নদীর ফরিদপুর ঘাটে মঙ্গলবার দুপুর ১টার দিকে গোসল করতে নেমেছিল। এ সময় পানির স্রোতে নদীতে ডুবে যায় শিশুটি। ঘটনার পর গ্রামবাসী অনেক চেষ্টার পরও শিশুটির সন্ধান করতে ব্যর্থ হন।
সংবাদ পেয়ে বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের লিডার রফিকুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যর একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুর সন্ধানে তৎপরতা চালান। কিন্তু বিকেল ৪টা পর্যন্ত সন্ধান না পেয়ে উদ্ধার তৎপরতা পরিত্যক্ত ঘোষণা করেন ডুবুরিরা।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে অনেক চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/জেডএইচ